গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে শুক্রবার রাতে শ্বশুরের কিল-ঘুসিতে জামাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আনছার আলী (৫০)। তিনি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ের জামাই ও রংপুর জেলার পীরগঞ্জের ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে। পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, চাঁন মিয়ার মেয়ে হামিদা বেগমের স্বামী আনছার আলী বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়া আনছার আলীর বুকে ও পেটে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হামিদা বেগমের দাবি, তার বাবা বাড়িতে নতুন ঘর দেওয়ার জন্য তার স্বামীর কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে কিল-ঘুসি মারেন। এতে তার মৃত্যু হয়েছে। তিনি এর বিচার চান। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হামিদা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।