টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে শনিবার ভোররাতে ইয়াবা ও কাঠের নৌকাসহ দুই জনকে আটক করে থানায় সোপর্দ করেছে কোস্ট গার্ড জওয়ানরা। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, ভোররাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফ বিসিজি স্টেশনের লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিনের নেতৃত্বে জওয়ানরা সাবরাং জালিয়াপাড়া ২ নম্বর স্লুইস এলাকায় অভিযানে যায়। এ সময় নাফ নদীতে একটি ডিঙ্গি নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখে স্পিডবোট নিয়ে ধাওয়া করে ধরে ফেলা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ নুর ও মো. লিয়াকত আলীকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের পর জব্দ নৌকা ও ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।