বাজার মূলধন হারিয়েছে পৌনে ৬ হাজার কোটি টাকা

ইত্তেফাক রিপোর্ট

দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহের বেশির ভাগ সময় নেতিবাচক ধারা অব্যাহত ছিল। এর প্রভাব পড়েছে লেনদেন ও সূচকে। এর ধারাবাহিকতায় বাজার মূলধনও কমেছে। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৫ হাজার ৭৮৪ কোটি ৫৯ লাখ টাকা কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গেল সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা। সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ৭০৮ কোটি ২২ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭ হাজার ২৭১ কোটি ৬১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ১৯৫ কোটি ২৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৭৬ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন হারিয়েছে ৫ হাজার ৭৮৪ কোটি ৫৯ লাখ টাকা। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২ হাজার ২৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ১০৫ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২০৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭২১ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৪৫২ কোটি ৭৭৭ লাখ ৪৪ হাজার ২২১ টাকা।

ডিএসইতে গেল সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৫৭টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির শেয়ার ও ইউনিট দর। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৯৭৪ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৬ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৮৮ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ২৮৬ টাকা। গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২১২ পয়েন্ট কমে ৯ হাজার ৮৫৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৮৭৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। গেল সপ্তাহে সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৫২টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিট দর।