ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলসের কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি। আগামীকাল সোমবার কোম্পানির কারখানা পরিদর্শনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কারখানা পরিদর্শনকালে কোম্পানির উত্পাদন বন্ধের কারণসহ সার্বিক অর্থিক অবস্থা যাচাই করা হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। গত বুধবার রিং সাইনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) নির্বাহী চেয়ারম্যানকে কারখানা পরিদর্শনের বিষয়টি চিঠি দিয়ে অবহিত করেছে বিএসইসি। জানা গেছে, রিং সাইনের কারখানা পরিদর্শন করবেন বিএসইসির পরিচালক ও গঠিত তদন্ত কমিটির প্রধান রিপন কুমার দেবনাথ, উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার এবং উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। তথ্য মতে, এর আগে গত ২৬ জানুয়ারি রিং সাইনের পুনরায় উত্পাদন শুরুর মাধ্যমে ব্যবসা উন্নয়নের লক্ষ্যে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি।