ইত্তেফাক রিপোর্ট
ডেটা সেন্টার স্থানান্তরের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পাঁচ দিন মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা, এটিএম বুথের পাশাপাশি অ্যাপ ও অনলাইনভিত্তিক সেবাও বন্ধ রাখা হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। কোনো ব্যাংকের যে কোনো সেবা বা লেনদেন বন্ধ রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৭ ফেব্রুয়ারি বুধবার থেকে ২১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত পাঁচ দিন ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দেওয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গ্রাহকদের আরো উন্নত ও নিরাপদ সেবা দিতে ডেটা সেন্টার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ সময়ে শাখা ও এটিএম বুথের পাশাপাশি ব্যাংকটির মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও অ্যাপভিত্তিক সব সেবা বন্ধ রাখা হবে। পাঁচ দিনের মধ্যে প্রথম দুই দিন কর্মদিবস। পরবর্তী তিন দিন সাপ্তাহিক ও সরকারি ছুটি।