বন্দরনগরী চট্টগ্রামের আন্দরকিলায় রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। মেডিসিন, সার্জারি, হূদরোগ, গাইনি, চক্ষু, নাক-কান-গলা, শিশু বিভাগসহ আটটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে এখানে। প্রতিদিন শত শত রোগী আউটডোরে সেবা নিতে আসেন। জরুরি বিভাগে প্রতিদিন রোগী আসেন শতাধিক। এছাড়াও সরকার নির্ধারিত করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। কিন্তু খুবই উদ্বেগের বিষয়, এই হাসপাতালের প্রবেশপথে জরুরি বিভাগের সামনের রাস্তায় ফেলা হয় আবর্জনা। বিভিন্ন সময় খোলা অবস্থায় পড়ে থাকে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহার করা করোনা-বর্জ্য। ময়লা আর দুর্গন্ধের মধ্যে ঝুঁকি নিয়ে ডাক্তার, নার্স ও রোগীর স্বজনদের চলাফেরা করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ময়লা না ফেলার বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা মানা হচ্ছে না। হাসপাতালটি চট্টগ্রাম সিটি করপোরেশন ‘নগর ভবন’ থেকে মাত্র ১০০ গজ দূরে, চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতালের প্রবেশপথে এমন অস্বস্তিকর পরিবেশ খুবই দুঃখজনক। এ অবস্থায় হাসপাতালের সামনে ময়লা ফেলা বন্ধে ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সাইমুন
চন্দনাইশ, চট্টগ্রাম