স্পোর্টস রিপোর্টার
বসুন্ধরা কিংস টানা ছয় ম্যাচ জিতে লিগে এগিয়ে রয়েছে। তার পেছনে ছুটছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ৪-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
শেখ জামালকে টেনে নিয়ে যাচ্ছেন তিন গাম্বিয়ান ফুটবলার। আক্রমণ ভাগে সুলায়মান সিল্লাহ, অধিনায়ক সলোমন কিং কনফর্ম, ওমর জোবে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। এই তিন জনের সঙ্গে যোগ হয়েছেন উজবেক ফুটবলার ওতাবেক। একের পর এক ম্যাচ জিতে চলেছে। ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল ছুটছে বসুন্ধরার পেছনে।
গতকাল গাম্বিয়ান ফুটবলাররা প্রতিপক্ষ শেখ রাসেলকে প্রথম হারের গ্লানি মাখিয়ে দিলেন। জামালের টানা আক্রমণের মুখে ৩৮ মিনিটে গোলকিপার আশরাফুল ইসলাম রানার ভুলে গোল হজম করে শেখ রাসেল। সুলায়মান সিল্লাহর শট সহজে থামাতে গেলে বল গোলকিপার রানার হাত ছুঁয়ে জালে ঢুকে যায় ১-০। প্রথমার্ধেই আরেক গাম্বিয়ান ওমর জোবে দলের দ্বিতীয় এবং ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ৩-০। হ্যাটট্রিক করতে না পারলেও লিগের প্রথম হ্যাটট্রিক ওমর জোবের। দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের নাইজেরিয়ান ওবি মোনেকা (১-৩) এবং কিরগিজ ফুটবলার বখতিয়ার দুশবেক (২-৩) গোল করেও জামালের অধিনায়ক সলোমন কিং কনফর্ম গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-২।
এসেই পঞ্চম হার দেখলেন ব্রাজিলিয়ান কোচ
সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতেছিল শেখ জামাল। সেই হারের কষ্ট এখনো শেষ না হলেও মুন্সীগঞ্জে সাইফ স্পোর্টিং ৩-২ গোলে আরামবাগকে হারিয়ে জয় পেয়েছে। এই ম্যাচে পিছিয়ে ছিল সাইফ। নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ ২, সাজ্জাদ হোসেন ১ এবং আরামবাগের ওমর ফারুক এবং শেষ মুহূর্তে নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফার গোল করেন। গতকাল বিমান হতে নেমেই মুন্সীগঞ্জ গিয়েছিলেন আরামবাগের ব্রাজিলিয়ান নতুন কোচ ডগলাস সিলভা। দেখলেন টানা পঞ্চম হার।
আজকের খেলা :রহমতগঞ্জ ও ব্রাদার্স। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।