রাওয়ালপিন্ডিতে বোলারদের দিন

স্পোর্টস ডেস্ক

পুরো দিনে রান উঠেছে ২২৩, উইকেট পড়েছে ১২টি। তাই রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি জমা পড়েছে বোলারদের খাতাতেই। যেখানে আধিপত্য দেখিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী ও দক্ষিণ আফ্রিকান স্পিনার জর্জ লিন্ডে। দিনশেষে যদিও ম্যাচের নিয়ন্ত্রণটা রয়েছে পাকিস্তানের হাতেই। ২০০ রানের লিড নিয়ে ৬ উইকেটে ১২৯ রানে তৃতীয় দিন শেষ করে তারা। পাকিস্তানের হয়ে লিড বাড়ানোর গুরুদায়িত্বটা এখন ২৮ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানের কাঁধেই ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১০৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন টেম্বা বাভুমা (৪৪*) ও কুইন্টন ডি কক (২৯)। বাভুমা এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে আগুনের গোলা ছোড়েন হাসান। আগের দিন ২ উইকেটসহ গতকাল ৩ উইকেটে নিয়ে ৫৪ রানে ৫ উইকেট পূর্ণ করেন এই পেসার। জবাব দিতে নেমে পাকিস্তানও হাঁটে সেই পথে। দুই স্পিনারের যুগলবন্দি  আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ভাঙা আঙুল নিয়েও ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার  জর্জ লিন্ডে আর কেশভ মহারাজ নেন দুটি।