গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে ছাদেক আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার আসামিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নিহতের ছোট ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো পাঁচ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে ঐ দিন রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মামলার প্রধান আসামি পশ্চিম ভুরুলিয়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে কাওসার আহমেদ আকাশ,শহরের মধ্য ছায়াবীথি এলাকার মো. আমজাদ হোসেন মুকুলের ছেলে মো. মেহেদী হাসান বিজয়, মারিয়ালী-কলাবাগান এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. শামীম, জেলার কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া এলাকার মো. রেজাউল করিমের ছেলে ইমন আহমেদ, সদর উপজেলার কুমুন এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোবারক হোসেন ওরফে মোবা ও মধ্য ছায়াবীথি এলাকার বাদল চন্দ্র বিশ্বাসের ছেলে নিলয় চন্দ্র বিশ্বাস।
গতকাল শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও মিডিয়া) জাকির হাসান সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এ সব তথ্য জানান। প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ কমিশনার থোয়াই অং প্রু মারমা, সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নিহত ছাদেক আলী ঘটনার দিন রাত ৯টার দিকে তার ছেলের জন্য বিস্কুট কেনার জন্য বাসা সংলগ্ন এক দোকানে যায়। সেখানে অভিযুক্ত যুবকদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে সাদেক আলীর সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দিলে সাদেক বাসায় চলে যায়। পরে আসামিরা সাদেককে বাসা থেকে ফের রাস্তায় ডেকে আনে। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা শেষে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।