ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের যুব সমাজ কর্মসংস্থানের দাবিতে সমাবেশ করেছেন। গতকাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কালামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সূতিপাড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল করিমের সম্মানে বারপাইখার যুব সমাজ ও এলাকাবাসী স্থানীয় বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে যুব সমাজের পক্ষ থেকে বলা হয়, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা তাদের খোঁজখবর রাখেন না। সূতিপাড়া শিল্প এলাকায় যদিও কর্মসংস্থানের সুযোগ রয়েছে তথাপি তদবির ছাড়া কারো চাকরি হয় না। এ ব্যাপারে তারা বর্তমান ও ভবিষ্যত্ জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন। এ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে এলাকার সড়ক মেরামত, ত্রাণ বিতরণ এবং করোনাকালে সহায়তার জন্য রবিউলের কার্যক্রমের প্রশংসা করেন।