ডেভেলপারের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

মামলা-হামলা ও গুমের ভয়ে এক বছর ধরে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার এক বাড়ি মালিক পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়েছে। চুক্তি বাতিলের পরও ডেভেলপার কোম্পানির পক্ষ নিয়ে পুলিশ তাকে হয়রানি করছে বলে জানা গেছে। দাবি করা হয়েছে ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে তাকে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বাড়ি উদ্ধারে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী খন্দকার আরিফুজ্জামান। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধেশ্বরীর খন্দকার গলির বাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার নিয়াজ আহম্মেদ ও লিলি প্লাজা মার্কেট সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুত্ লাল রায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সিদ্ধেশ্বরীর ৪১/৩ নম্বর বাড়ির মালিক খন্দকার আরিফুজ্জামান। ২০১০ সালে ৯তলা ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তির মেয়াদ ছিল ৩০ মাস ও অতিরিক্ত ৬ মাস। শর্তানুযায়ী ভবন নির্মাণে গাফিলতি হওয়ায় ২০১৫ সালে আমমোক্তারনামা বাতিল হয়ে যায়। এরপর থেকেই ডেভেলপার  কোম্পানির মালিক সন্ত্রাসী দিয়ে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। সর্বশেষ ২০১৯ সালের ২৬ জুলাই রমনা থানায় ধরে নিয়ে তাকেসহ তার স্ত্রী ও  ছোট ছেলেকে মিথ্যা ডাকাতি ও চাঁদাবাজি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরই ডেভেলপার কোম্পানি মালিক সন্ত্রাসী দিয়ে বাড়িটি দখল করে নেয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, মামলায় জামিন নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বাড়ি উদ্ধার, পরিবারের নিরাপত্তা ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তিনি।