হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যফেরত নতুন ২৮ জনকে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যফেরত কোয়ারেন্টাইনে থাকা যাত্রী সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো ২৮ জন ছাড়া অবশিষ্ট ৫ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিত্সক ডা. সৈকত এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের পাঁচ জন, কিউআর ৬৪০ ফ্লাইটের সাত জন, এসবি-৮০৪ ফ্লাইটের তিন জন, টিকে-৭১২ ফ্লাইটের পাঁচ জন, এসবি-৩৫৮০ ফ্লাইটের তিন জন, এলএলএল ফ্লাইটের এক জন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের দুই জনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।