বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধের দাবি

আলজাজিরার নিউ ইয়র্ক অফিস ও জাতিসংঘের সামনে বিক্ষোভ

 ‘সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক’ আখ্যায়িত করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আলজাজিরার নতুন কার্যালয় (ব্যুরো অফিস) এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা প্রথমে ম্যানহাটনে আলজাজিরার নতুন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর ফার্স্ট অ্যাভিনিউতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক দুলাল মিয়া হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান প্রমুখ।