পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের এক বাড়িতে গত শুক্রবার রাতে একটি ট্রাক ঢুকে পড়লে এতে চাপা পড়ে মারা যান বাড়ির গৃহকর্তা ও তার মেয়ে। আহত হন গৃহকর্ত্রী ও তার ছেলে। শনিবার রাতে বরিশালের গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন একটি মিনিট্রাকের মালিক, চালক ও হেলপার। শনিবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধ।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে কাশিনাথপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর-বগুড়া সড়কের পাশে ভিটাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘরে থাকা সাহাবুদ্দিন (৪০) ও তার মেয়ে বৃষ্টি (১২) ট্রাকচাপায় নিহত হন। আহত হন শাহাবুদ্দিনের স্ত্রী লাকী খাতুন (৩০) ও ছেলে সাগর (৩)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মাধবপুর পুলিশ ফাঁড়ির ওসি ইয়াছিন আরাফাত জানান, লাশের ময়নাতদন্ত হচ্ছে। ট্রাকচালক পালিয়েছে। বেড়া এএসপি সার্কেল শেখ জিল্লুর ও সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায়
মিনিট্রাকের মালিক, চালক ও হেলপার নিহত
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামক স্থানে শনিবার রাত ৩টার দিকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনিট্রাকের মালিক, চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন মিনিট্রাকের মালিক মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামের কাদের বয়াতীর ছেলে আকতার হোসেন (৩০), ট্রাকচালক বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. রাসেল (২২) এবং হেলপার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সোহান (২২)। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ মিনিট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, একটি বিকল মিনিট্রাককে অন্য একটি মিনি ট্রাকের সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বাঁশে ত্রুটি দেখা দিলে রাস্তার পাশে মিনিট্রাক দুটিকে দাঁড় করিয়ে বাঁশ মেরামত করা হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান দুটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানই জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পলাশবাড়ীতে মাইক্রোবাস
চাপায় বৃদ্ধ নিহত
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসচাপায় মো. চান মিয়া সরদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও অন্য এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. চান মিয়া সরদার পলাশবাড়ী পৌরসভার জগরজার্নি গ্রামের মো. আছর উদ্দিনের ছেলে। আহত পলাশবাড়ী পৌরশহরের রাইগ্রামের মো. আইজল হককে (৫৮) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।