কানাডা থেকেই হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা। সেই কানাডায় এখন ভাষা দিবসের স্বীকৃতির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়েছেন অন্টারিও প্রভিন্সের প্রাদেশিক পার্লামেন্টের মেম্বার ডলি বেগম।
কানাডার ভ্যাংকুভার, অন্টারিও, ম্যানিটোবা প্রভিন্সে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতির জন্য এক আবেদনপত্রে বাংলাদেশি মেয়ে ডলি বলেছেন, ‘একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশিদের জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং বিশ্ব জুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় একুশে এক বিশাল প্রেরণা। ১৯৫২ সালে বাংলাদেশের মানুষ বুকের রক্তে যে ইতিহাস রচনা করেছেন, প্রতি বছর বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সেই ইতিহাসেরই আন্তর্জাতিক স্বীকৃতি। পুরো কানাডা জুড়ে বাংলাদেশিসহ নানান ভাষার মানুষ স্মৃতিকথা, কবিতা, গান, নাচসহ শিল্প আর সাহিত্যের নানান উপাদানের সমন্বয়ে এই দিনটি উদ্যাপন করেন।’ ডলি আরো জানান, ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার এমপি এবং নাথানিয়েল আরস্কিন-স্মিথের কাছেও এই অনুরোধের প্রতি সমর্থন চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
২০১৪ সালে তত্কালীন এমপি ম্যাথিউ কেলওয়ে ফেডারেল পর্যায় থেকে একুশের এই স্বীকৃতি চেয়ে অটোয়া পার্লামেন্টে একটি প্রস্তাব এনেছিলেন। এ বছর কানাডা সরকার এই গুরুত্বপূর্ণ দিনটিকে কানাডা জুড়ে স্বীকৃতি দেবেন বলে ডলি আশা প্রকাশ করেন।
এদিকে গত বছর যে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তখন ডলি বেগম উদ্যোগ নিয়ে ফেডারেল সরকারের কাছে তা বর্ধিত করার আবেদন জানিয়ে বিরল ভূমিকা পালন করেন। তা মঞ্জুর হওয়ার ফলে অর্ধলক্ষের বেশি বিদেশি শিক্ষার্থী নতুন নীতিমালার কারণে উপকৃত হচ্ছেন।
গতকাল ডলি ইত্তেফাকে ফোন করে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইতিমধ্যে তিনি তার দল এনডিপি থেকে নতুন দায়িত্ব পেয়েছেন। আগের আর্লি চাইল্ড এডুকেশন ক্রিটিক হিসেবে দায়িত্বের পাশাপাশি তার পোর্টফলিওতে যুক্ত হয়েছে অন্টারিওর ফরেন ক্রেডেনশিয়াল ক্রিটিক, সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন-বিষয়ক ক্রিটিক।
ডলি বেগম বলেন, ‘কানাডার সঙ্গে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি চালু করার জন্য অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস যে উদ্যোগ নিয়েছে, সে ব্যাপারেও একসঙ্গে কাজ করতে চাই। সেজন্য ইতিমধ্যে নতুন হাইকমিশনার খলিলুর রহমানের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে।’