রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মুক্তির জন্য করা আন্দোলনে সমর্থন করায় তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তিন দেশ হলো সুইডেন, পোল্যান্ড ও জার্মানি। বহিষ্কারের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ জানুয়ারি তিনজনই ‘অবৈধ বিক্ষোভে’ অংশ নিয়েছিল। এই কারণেই মূলত তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, রাশিয়ার এমন পদক্ষেপে ওই তিনটি দেশের পক্ষ থেকে নিন্দা জানিয়েছে। তবে সুইডেন বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে এ বহিষ্কারকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করা হয়েছে। এছাড়া জার্মানি জানিয়েছে এ বহিষ্কার ‘ন্যায়সঙ্গত’ নয় বলে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রাশিয়াকে পুনর্বিবেচনা করা আহ্বান জানিয়েছে। পোল্যান্ড জানিয়েছে, বহিষ্কারের ফলে ‘দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্কট আরো গভীর হতে পারে।’
বিরোধী নেতা নাভালনিকে আটক করার পর থেকেই রাশিয়ার প্রায় ১০০টি শহরে বিক্ষোভ চলছে। গত কয়েকদিনে ৪ হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাছাড়া নাভালানিকে গ্রেপ্তারের পর তার দলের তরফে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা এখন পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি লোক দেখেছে।
ইত্তেফাক/টিআর