বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌনে তিন ঘণ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ৪০০ জন করোনা ভাইরাসে টিকা নিয়েছেন। রবিবার সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরুর পরে দুপুর পৌনে ১২টা পর্যন্ত টিকা নেন তারা।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘আমাদের লক্ষ্য প্রথম দিনে ১ হাজার ২০০ জনকে টিকা দেওয়া। আশা করছি, দুপুর ২টার মধ্যে ৬০০ থেকে ৭০০ জনকে টিকা দেওয়া সম্ভব হবে।’
বিএসএমএমইউ সূত্র জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সহউপাচার্য মুহাম্মদ সামাদ ও এএসএম মাকসুদ কামাল এবং হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি—বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি কাজী জিনাত হক টিকা নিয়েছেন।
টিকা নেওয়া শেষে অধ্যাপক আখতারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া, বিএসএমএমইউ এর চিকিৎসক ও প্রথমসারির কর্মীরা টিকা নিচ্ছেন।
এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয় এ টিকাদান কর্মসূচি।
টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে। গতকাল বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।
ঢাকায় ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে। করোনার টিকাদান কার্যক্রম পরিচালনায় ১৪ হাজার ৬৮৮ জন ভ্যাকসিনেটর এবং ২৯ হাজার ৩৭৬ জন ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিয়েছে সরকার।
ইত্তেফাক/এএএম