বিজিবিতে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালের প্রশিক্ষণ মাঠে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রথম করোনার টিকা গ্রহণ করেন।
এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ এবং অন্য বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য সদস্যদের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। এ প্রেক্ষিতে রবিবার প্রথম ধাপে পোশাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জনকে করোনার টিকা প্রদান করা হয়। প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্যান্য ইউনিটের সর্বমোট আনুমানিক ৩৬০০ জনকে এই টিকা দেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি