বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দিবাগত রাতে এক বিবৃতিতে গত চার দিনে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে ২ জন নিরীহ বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যা অব্যাহত আছে। কয়েক বছর আগে বাংলাদেশের সঙ্গে ভারতের এক বৈঠকের পর বলা হয়েছিল এখন থেকে আর সীমান্ত এলাকায় বাংলাদেশীদের হত্যা করা হবে না। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের কোন প্রতিফলন দেখা যায়নি। দশকের পর দশক ধরে বাংলাদেশিদের হত্যার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে। বাংলাদেশ সরকার সীমান্তে রক্ত ঝরানো বন্ধ করতে পারেনি। আওয়ামী লীগের কখনোই কথার সঙ্গে কাজের মিল নেই। এরা সবসময় জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে এসেছে এবং ধোঁয়াশার মধ্যে রাখে। গণবিচ্ছিন্ন সরকার বলেই এরা কখনো জনগণের জানমালের তোয়াক্কা করে না। আওয়ামী সরকার বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও ধরে নিয়ে গিয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত কখনো করেনি। এর কারণ বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতি। এভাবে প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করার ঘটনা গভীর উদ্বেগজনক।’
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির ১০টি বিভাগীয় টিম গঠন
তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে গত চার দিনে ২ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরণের নির্মম হত্যাকাণ্ড বন্ধ করার জোরালো আহবান জানাচ্ছি।’
ইত্তেফাক/নূহু