প্রায় দুই বছর স্থগিত থাকার পর সমগ্র জম্মু ও কাশ্মীরে পুনরায় চালু হয়েছে ফোর-জি ইন্টারনেট সেবা। স্থানীয় সময় শনিবার থেকে এই ইন্টারনেট সেবা চালু হয়। এদিকে জম্মু-কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার এক কিশোরী বলেন, আগে আমার ক্লাস মাঝপথেই বন্ধ হয়ে যেতো। কিন্তু এখন থেকে আর হবে না।
একই জেলার আরেক বাসিন্দা জানান, ৪জি ইন্টারনেট সার্ভিস চালু করায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। এতে আমাদের জীবন আরও সহজ হবে।
২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল ঘোষণার আগে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায়। ফলে, জম্মু এবং কাশ্মীর ও লাদাই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়।
বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদকে জম্মু ও কাশ্মীরের উচ্চ গতির ইন্টারনেট নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিল সরকার।
গত বছরের আগস্টে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল, জম্মু ও কাশ্মীরে ট্রায়ালভিত্তিতে ফোর-জি ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতির বিষয়টি একটি বিশেষ কমিটি খতিয়ে দেখছে।
কেন্দ্র বলেছিল, জম্মু অঞ্চলের একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় ফোরজি অ্যাক্সেস দেওয়া হবে। এরপর গত বছরের ১৬ আগস্ট গান্ডারবাল ও উধমপুর জেলায় ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়।
জম্মু-কাশ্মীরের বাকি জেলাতে ইন্টারনেট স্পিড টু-জিতে সীমাবদ্ধ ছিল।
ইত্তেফাক/এআর