মুন্নীর নিজেস্ব চ্যানেলে ভালোবাসা দিবসের গান

বিনোদন রিপোর্ট

 

সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক একমুঠো / আমার আমার অপেক্ষাটা ঘড়ির কাটা /কার্নিশে রোজ একটা পাখি ঠোঁটে খড়কুটো—সম্প্রতি এমন মুগ্ধ করা রোমান্টিক লিরিকে গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

এছাড়া ভালোবাসা দিবসে ‘বলবো তোমায় মনের কথা দুটো’ শিরোনামে নতুন আরো একটি গান নিয়ে আসছেন মুন্নী। নতুন এই গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এস আই টুটুল এবং সংগীতায়োজন করেছেন ইমন চোধুরী।

দিনাত জাহান মুন্নী দুই যুগ ধরে এদেশের সংগীত জগতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সুকণ্ঠি এই গায়িকা দেশ-বিদেশে একাধিক স্টেজ শোতে সবসময়ই ব্যস্ত থাকেন। বলা যায়, স্টেজ শোতে বাংলাদেশে যে ক’জন শিল্পী তুমুল চাহিদাসম্পন্ন তাদের ভেতরে মুন্নী অন্যতম একটি নাম। মূলত স্টেজে নানা ব্যস্ততার কারণেই নতুন গান প্রকাশে এই বিলম্ব। দীর্ঘ বিরতীর পর নতুন গান প্রসঙ্গে মুন্নী বলেন, ‘গতানুগতিক গানের মতো নয় এই গানটি। একটা লম্বা বিরতির পর নিজের মতো করে একটি গান করছি, তাই চেয়েছি শ্রোতারা যেন পছন্দ করেন এমন একটি গান করতে। আশা করছি তারা হতাশ হবেন না। আমার অন্যান্য কাজের মতো এই গানটিও তারা ভালোবেসে গ্রহণ করবেন।’ উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গানটি মুন্নীর নিজেস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।