ঢাকার মেরাদিয়ার ভূঁইয়াপাড়ায় মনিরউদ্দিন লেন অত্যন্ত সরু, যা ভূঁইয়াপাড়ার শেষ মাথার রিকাব ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে রামপুরা বনশ্রীর ‘ই’ ব্লকের ৭ নম্বর রাস্তার সঙ্গে মিশেছে। আশপাশের হাজারো মানুষ রাস্তাটি নিয়মিত ব্যবহার করে। ৭০০ ফুট দীর্ঘ রাস্তার প্রশস্ততা কোথাও ৬ ফুট, কোথাও ৯ ফুট, কোথাওবা ১১ ফুট। পাশাপাশি দুটি রিকশা দূরে থাক, একটি রিকশা আরেকটি রিকশাকে পাশ কাটিয়ে চলতে গেলে ধাক্কা লাগার মতো অবস্থা হয়। এমন সরু রাস্তায় একদিক (বনশ্রী প্রান্ত) থেকে একটি প্রাইভেট কার ঢুকলে অন্য দিক দিয়ে বের হওয়া যায় না। আগুন লাগলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স বা ওয়াসার পানিবাহী গাড়ি ঢোকা অসম্ভব। সরু রাস্তার কারণে ঝগড়াঝাঁটি নিত্যদিনের ঘটনা। রাস্তার দুপাশে এখনো বহুতল ভবন নির্মিত হয়নি। রয়েছে কিছু খালি জায়গা, টিনের বাড়ি, রিকশা গ্যারেজ, দোকান এবং আবাসিক বাসাবাড়ির আঙিনার দেয়াল। অর্থাত্ রাস্তাটি অনায়াসে প্রশস্ত করার সুযোগ রয়েছে। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, এলাকাবাসীর যাতায়াতের সুবিধা এবং সহজে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ওয়াসার পানিবাহী গাড়ি ঢোকার জন্য মনিরউদ্দিন লেন ১৫ ফুট প্রশস্ত করার দ্রুত উদ্যোগ নিন।
রবিউস সামস, মাকসুদ হিলালী পলাশ,
রেবেকা সামদা, রেজা বেপারী,
ফারজানা ইসলাম, সানজিদা রহমান
মনিরউদ্দিন লেন, খিলগাঁও, ঢাকা