শহীদ জহুরুল হক সড়ক যেন ট্রাক টার্মিনাল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে দিনের বেলায় শহরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে চলাচল করছে ট্রাক। আর এসব ট্রাক শহরের অন্যতম ব্যস্ত শহীদ জহুরুল হক সড়কে দাঁড় করিয়ে চলে পণ্য খালাস। এতে সড়কটি যেন পরিণত হয়েছে ট্রাক টার্মিনালে। সরজমিনে দেখা যায়, সড়কের ৫০০ ফুট এলাকায় যত্রতত্র ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বহু বার মামলা ও জরিমানা করেও কোনো কাজ হচ্ছে না। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জানান, পুলিশ ও পৌরসভার সমন্বয়ের অভাবে এমনটি হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।