পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি নরসিংদী ও মাধবদী পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রবিবার প্রতিদ্বন্দ্বী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে ভোটার ও স্থানীয় সুধিজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদী পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ প্রার্থী মো. আমজাদ হোসেন বাচ্চু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম, বিএনপি প্রার্থী হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আসাদুল হক হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
পৌরসভায় রাস্তা কার্পেটিং কাজ উদ্বোধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার কাজীপাড়া মহল্লায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী টুটুল, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা
জয়পুরহাট প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রবিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
০