নতুন ৪৩ পণ্যে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার বাধ্যতামূলক

ইত্তেফাক রিপোর্ট

বাজারে বিপণনের ক্ষেত্রে সরকারের মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) দেওয়া স্ট্যান্ডার্ড মার্ক যুক্ত করার বাধ্যবাধকতা আরোপ করেছে শিল্প মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এ তালিকায় রয়েছে বিভিন্ন দুধ, দুধজাতীয় পণ্য, পটেটো চিপ্স, আইস ললি, ওটস, সিনথেটিক ভিনেগার, তরল ডিশ ওয়াশিং, মেঝে পরিষ্কারের ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, রেজর ব্লেড, বিভিন্ন ধরনের ইট ও ব্লক, বিভিন্ন ধরনের প্লাস্টিক পাইপ, নেইল পলিশ, বাসায় ব্যবহার হওয়া ভেন্টিলেটর ফ্যান, পাদুকা, স্বর্ণ, বাস-ট্রাক, প্রাইভেট কার ও মোটরবাইকে ব্যবহার হওয়া টায়ার ও রিম, ফ্লোট গ্লাস, ব্যাটারিতে ব্যবহার হওয়া পানি, বিদ্যুতের ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের ব্যাটারি, ক্যাবল, পানি, তরল হ্যান্ডওয়াশ, গ্লাস টেবিলওয়্যার, যান্ত্রিক তাঁতে বোনা শাড়ি, হস্তচালিত তাঁতের তৈরি লুঙ্গি, হ্যান্ড স্যানিটাইজার ও ফ্রিজ। বিএসটিআইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিম্নমানের পণ্যের বিপণন রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর আগে ১৮৪ ধরনের পণ্যে বিএসটিআইর মান সনদ ও মার্ক ব্যবহার বাধ্যতামূলক ছিল। নতুন ৪৩টিসহ মোট ২২৭টি পণ্য এখন এ তালিকায় এলো।