দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জে সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণকারী ও আশ্রয়দাতাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলা ফটকে অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার একটি গ্রামের নির্জন স্থানে তেলেঙ্গা গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে সাহেদ ও খৈমদ্দিনের ছেলে বাহার মিলে এক বিধবা নারীকে ধর্ষণ করে। সন্ধ্যায় ঐ গ্রামের কয়েক জন সমাজপতি ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশ করে। সালিশে মহিলার চিকিত্সা বাবদ ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এতে এলাকার ক্ষুব্ধ জনতা ঘটনাটি মানতে না পেরে থানা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে মঙ্গলবার নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষককে আটক করেন।