‘শিক্ষার সর্বস্তরে ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’

জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস পালন

ইত্তেফাক রিপোর্ট

‘শিক্ষার সর্বস্তরে ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’—প্রতিপাদ্য করে গতকাল রবিবার জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস-২০২১ পালন করা হয়। এ উপলক্ষ্যে বধির ভবন মিলনায়তনে এক আলোচনাসভা ও অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বধির সংস্থা। সংস্থার সভাপতি আলহাজ নাসির আহম্মদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ২০৪ জন মূক ও বধির প্রতিবন্ধীর মধ্যে করোনা ত্রাণ, ৩২ জন বয়স্ক বধির প্রতিবন্ধীকে বয়স্ক ভাতা ও জেলা পর্যায়ের ৩৮টি মূক ও বধির বিদ্যালয় ও সংগঠনের মধ্যে ৫৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি শাহাদাত্ আলম হারু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুছ খান ও অন্য শ্রবণ ও বাক্প্রতিবন্ধী নেতৃবৃন্দ। দিবসে মূক-বধির প্রতিবন্ধিতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইশারা ভাষাবিষয়ক পরিচালক লায়ন মনোয়ার হোসেন।

আলোচনাসভার পূর্বে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে সংস্থায় অনুষ্ঠানস্থলে এসে সমাপ্ত হয়। বক্তাগণ এবারের প্রতিপাদ্য ‘শিক্ষার সর্বস্তরে ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’ অনুযায়ী বাংলা ইশারা ভাষাকে সব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি উত্থাপন করেন। একই দাবিতে জাতীয় বধির সংস্থার কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলা পর্যায়ে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোতেও একযোগে দিবস উদ্যাপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুছ খান রিপন।