প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে
কৃষক লীগের শোভাযাত্রা
ইত্তেফাক রিপোর্ট
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে জাতিকে সুরক্ষার জন্য অতিদ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ কৃষক লীগ। গতকাল রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শুরুর আগে সেখানে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
সংক্ষিপ্ত সমাবেশে সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, সম্পূর্ণ জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনতে বেশি সময় লাগবে না। কারণ নেতৃত্ব যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।’ বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। সব আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সভা পরিচালনায় সহায়তা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।