বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট

রহনপুর রেলবন্দর দিয়ে ৭ হাজার টন সার গেল নেপালে

রহনপুর রেলবন্দর দিয়ে সাড়ে ৭ হাজার টন সার গেল নেপালে। তিন দিন ধরে ট্রেনযোগে ভারতের সিঙ্গাবাদ হয়ে নেপালে যায় এ সার। গত শনিবার রাতে ৩য় দফায় ২ হাজার ৫০০ টন ইউরিয়া সারবাহী একটি র্যাক (২৪ ওয়াগন) ভারত হয়ে নেপালের বীরগঞ্জে যায়।

রহনপুর রেল স্টেশনের মাস্টার মির্জা কামরুল ইসলাম জানান, নেপাল চীন থেকে এ সার আমদানি করে বাংলাদেশের মোংলা বন্দর দিয়ে। পরে যশোরের নোয়াপাড়া স্টেশনে আমদানি করা এ সার র্যাকে বোঝাই করে ভারত হয়ে নেপালে  নিয়ে যাচ্ছে। গত ৩ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে ৫ হাজার টন এবং শনিবার রাতে তৃতীয় দফায় ২ হাজার ৫০০ টন সারবাহী তিনটি র্যাক বাংলাদেশের শেষ স্টেশন রহনপুর দিয়ে ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ রেলবন্দর দিয়ে মোট ৩০ হাজার টন সার নিয়ে যাবে বলে তিনি জানান।

রহনপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোখতার হোসেন নেপালে সার যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।