কটিয়াদীতে কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানের বাড়ি উপজেলার চান্দপুর ইউনিয়নে তার পরিবারের দেওয়া জমিতে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার একদল দুর্বৃত্ত ঐ ক্লিনিকে হামলা চালায় ও স্বাস্থ্যসচিবকে অবরুদ্ধ করে রাখে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল আলমসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় আশরাফুল আলম এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী আতিকুর রহমান বাদী হয়ে কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মেহেদী, কামাল হোসেন ও আতাউর রহমান মিন্টু নামে উপজেলা আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করে।

এই গ্রেফতারের প্রতিবাদে রবিবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দিলীপ ঘোষের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানকে কটিয়াদীতে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন দিলীপ কুমার ঘোষ, ছিদ্দিকুর রহমান ভূইয়া, গিয়াস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন প্রমুখ। সমাবেশে গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং অবৈধভাবে ক্লিনিক নির্মাণ বন্ধের দাবি জানানো হয়। এদিকে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিলকে বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত বদলির আদেশের অনুলিপি জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হয়।