রাজধানীর কাওরান বাজার এলাকার ওয়াসা গলিকে গতকাল রবিবার থেকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে মধ্য কাওরান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি বাবুল পাটোয়ারি। তিনি বলেন, একটি চক্র এখানে নিয়মিত মাদক (গাঁজা) সেবন এবং বিক্রি করে আসছিল। স্থানীয় থানা পুলিশও মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল। এ পরিস্থিতিতে গতকাল সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছে মাদক প্রতিরোধ কমিটি। যাতে কোনো অবস্থায় ওয়াসা গলিতে মাদক কারবারি ও সেবনকারীরা অবস্থান করতে না পারে। গতকালও সন্ধ্যায় বেশ কয়েকজন মাদকসেবী গলির একটি আড়ত ঘরে বসে গাঁজার আড্ডা বসানোর প্রস্তুতি নিচ্ছিল। সমিতির সদস্যরা তাদের লাঠিপেটা করে থানা পুলিশের হস্তান্তরের চেষ্টা করে। পরে এসব মাদকসেবী আর এ এলাকায় আসবে না এমন শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে সমিতির অভিযান অব্যাহত থাকবে।