ক্যাথলিক ধর্মের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো্ গির্জার পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) এক নারীকে নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। শনিবার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে ফরাসি নারী নাথালি বেকোয়ার্টকে নিয়োগ দেন তিনি। এর আগে এই পদে পুরুষদেরই কেবল নিয়োগ দেওয়া হতো। খবর রয়টার্সের
বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ সিনোদ অব বিশপস গঠিত হয়। তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। আবার পরিষদে কিছুসংখ্যক বিশেষজ্ঞও থাকেন যাদের তাদের ভোটাধিকার থাকে না। ২০১৯ সালে অ্যামাজনে বিশেষ সিনোদে ৩৫ নারীকে অডিটর হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা কেউ ভোট দিতে পারেননি। তবে পোপ ফ্রান্সিস সিনোদ এর সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন। শনিবার সিনোদ অব বিশপসে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেন পোপ। এদেরই একজন নাথালি। পরিষদে ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।