হাইকোর্ট বলেছে, দুদকের কাজ হলো দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ করা। সেগুলো করতে গিয়ে দুদককে ঢোঁড়াসাপ হলে হবে না, জাতসাপ হতে হবে। দন্তহীন বাঘ হলে চলবে না। সুইচ ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবিতে করা রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করেন।
এ পর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আল খান বলেন, দুদক কখনোই দন্তহীন বাঘ ছিল না। আদালত বলে, দুদককে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। এ সময় আইনজীবী মনজিল মোরসেদ বলেন, দুদকের দাঁত আছে কিন্তু দাঁতে বিষ নাই। দুদক আইনজীবী বলেন, মাইলর্ড সবই আছে।
রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম খান শুনানিতে বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা বিভিন্ন দেশে রয়েছে। এসব অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে দুদকের নিষ্ক্রিয়তা রয়েছে। রুল দিয়ে আদালত দুদকের কাছে তথ্য চাইতে পারে। গত ১ ফেব্রুয়ারি আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস হাইকোর্টে এ রিট করেন।