দুদকের মামলায় এমপি জিন্নাহর আগাম জামিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলায় ৩ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মো.সিরাজুল ইসলাম ও মুন্সী মনিরুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।

এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলার অভিযোগ থেকে জানা গেছে।

ইত্তেফাক/কেকে