নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মমিনবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী রুনা আক্তার (২২) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় মোল্লা গার্মেন্টেসের একজন পোষাক শ্রমিক ছিলেন। আজ সোমবার সকাল পৌণে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম জানান, নিহতের স্বামীর নাম শাহীন। স্বামী ও সন্তান রিয়াজ (৭) সহ ওই নারী মমিনবাগের বাসায় ভাড়া থাকেন। সোমবার সকালে রুনা কর্মস্থল মোল্লা গার্মেন্টসে যাচ্ছিল। মমিনবাগ এলাকায় একটি নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে নির্মাণ সামগ্রী ইট রুনার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়।

ইত্তেফাক/কেকে