প্রেমের চিঠি পাঠানো যাবে মহাকাশে

প্রেমের চিঠি পাঠান মহাকাশের ঠিকানায়! বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও হ্যাঁ পাঠক, মহাকাশ যানে করে সেটি চলে যাবে গন্তব্যস্থলে। এর মাধ্যমে আবারও প্রমাণিত হবে যে ভালোবাসাকে কোনো সীমা-পরিসীমার গণ্ডি দিয়ে পরিমাপ করা যায় না। তাই পার্থিব ভালোবাসা এবার চলে যাবে অনন্ত মহাকাশে। আনন্দবাজার পত্রিকা

সামনের ভ্যালেন্টাইন্স ডে থেকেই শুরু হচ্ছে মহাকাশে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রয়াস। এর শরিক হতে পারে যে কেউ-ই। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মহাকাশ গবেষণা সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর পাঠানো মহাকাশ যানের মাধ্যমে আমার, আপনার সেই ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া হবে মহাকাশে। আমাদের প্রেমিক বা প্রেমিকা অথবা খুব কাছের আত্মীয়পরিজন, প্রতিবেশীকে পাঠানো সেই বার্তার জবাবও পাওয়া যাবে। মহাকাশের সেই ‘রানার’-এর নাম ‘ইউনিটি’। ভার্জিন গ্যালাক্টিক এই অভিযানের নাম দিয়েছে ‘মেক স্পেস ফর লাভ’।

ওয়াশিংটনে ভার্জিন গ্যালাক্টিকের এক পদস্থ কর্মকর্তা বলেছেন, বহু প্রাণী বা উদ্ভিদের মতোই পৃথিবী থেকে উত্তরোত্তর বিলুপ্ত হয়ে যাচ্ছে ভালোবাসা। প্রেম। বাড়ছে যুদ্ধ, প্রতিযোগিতা, হিংসা ও বৈষম্য। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছে।