স্টেডিয়া প্ল্যাটফর্মের জন্য অভ্যন্তরীণভাবে গেম তৈরি করা বন্ধ করছে অ্যালফাবেটের গুগল। এর ফলে আগামীতে ক্লাউড ভিত্তিক গেম স্ট্রিমিং সেবাটিকে পুরোপুরিভাবে অন্য গেম টাইটেল ও ডেভেলপারের উপর নির্ভর করতে হবে।
গুগল স্টেডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসনের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে জানানো হয়েছে, গেম তৈরি বন্ধের সঙ্গেসেঙ্গে প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়াচ্ছেন স্টেডিয়া গেমস অ্যান্ড এনটারটেইনমেন্টের প্রধান জেড রেমন্ড। আর বেশির ভাগ কর্মীকে অন্য দায়িত্বে সরিয়ে নেয়া হবে।
সোমবার এক ব্লগ পোস্টে ফিল হ্যারিসন লিখেছেন, ‘সবচেয়ে ভালো গেম একদম খসড়া থেকে তৈরি করতে অনেক বছর সময় লাগে এবং এতে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন পড়ে। আবার খরচও উল্লেখযোগ্য হারে বাড়ছে।’
২০১৯ সালে যাত্রা শুরু করে স্টেডিয়া। কোভিড ১৯ সময়ে ব্যবহারকারীদেরকে দুই মাসের জন্য বিনামূল্যে প্রিমিয়াম সংস্করণে প্রবেশের সুযোগও দিয়েছিলো। সব মিলিয়ে গত বছর ১৮ লাখ ৫০ হাজারের মতো ব্যবহারকারী ছিল স্টেডিয়ার।