ভ্যালেন্টাইনস স্পেশাল রেসিপি

আসছে ভালোবাসা দিবস। আর এই বিশেষ দিনে কাছের মানুষের জন্য ভিন্ন স্বাদের কিছু করতে পারার আনন্দটাই অন্যরকম। আমাদের এই আয়োজনে তেমন কিছু রেসিপি দেওয়া হলো

লাভ স্যান্ডুইচ

 

উপকরণ :সাব স্যান্ডুইচ বান ৪ টুকরা, শসা কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ,  টমেটো কুচি ১/৪ কাপ, ক্যাপসিকাম কুচি ১/৪ কাপ, লেবুর রস ২ চা চামচ, অলিভ অয়েল ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লেটুস পাতা ২টি, মাখন ৪ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি :সকল সবজি কুচির সঙ্গে লেবুর রস, অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়া ও লবণ মেশান। সাব স্যান্ডুইচ বানে মাখন ব্রাশ করুন। এবার স্যান্ডউইচ বানে ড্রেসিং করা সবজি রেখে উপরে আরেকটি বান রেখে গ্রিলার অথবা গ্রিল প্যানে ৫ মিনিট গ্রিল করুন। এবার স্যান্ডুইচগুলো তির্যক করে কেটে হার্ট শেপে ডিশে বসান। এরপর সস দিয়ে পরিবেশন করুন।

রেড ভেলভেট কেক

উপকরণ :ডিম ২টি, বেকিং পাউডার আধ চা চামচ, ময়দা আধ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, তেল আধ কাপ, চিনি আধ কাপ, রেড ফুড কালার ১ চা চামচ, বাটার মিল্ক আধ কাপ (আধ কাপ কুসুম গরম দুধে ১ টেবিল চামচ সিরকা দিয়ে ১০ মিনিট ঢেকে রাখলেই বাটার মিল্ক হয়ে যাবে)

প্রণালি :ডিমের সাদা অংশ আলাদা বিট করে ফোম তৈরি করুন। ডিমের কুসুমসহ বাকি সব উপকরণ একত্রে বিট করুন চিনি গলে না যাওয়া পর্যন্ত, ময়দা চেলে অল্প অল্প মেশাতে থাকুন আর বিট করতে থাকুন। সব ভালোমতো মিক্স করা হলে এবার ফোম করা অংশ দিয়ে চামচ বা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে মেশাতে থাকুন। ফোম মেশানোর সময় আর বিট করবেন না, নয়তো কেক স্পঞ্জি হবে না। এবার আলাদা একটি বাটিতে ১ চা চামচ সিরকা নিন। আধা চা চামচ বেকিং সোডা দিন সিরকার ভেতরে। নেড়ে দিন। দেখবেন বুদবুদ সৃষ্টি হবে। দ্রুত এই মিশ্রণ কেকের মিশ্রণে দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। কেকের পাত্রে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে ১৬০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। হয়ে গেলে ২ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ পানি নিয়ে জ্বাল করুন। চিনি গলে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। গরম কেকের ওপর এই শার্পিং সিরাপ ব্রাশ করে নিন। এতে কেকের সফটনেস দারুণভাবে বজায় থাকবে।

রেড ভেলভেট মাফিন

উপকরণ :ডিম ২টি, চিনি ১/২ কাপ, তেল ১/৪ কাপ, ময়দা ১ কাপ, কোকো পাউডার ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, দুধ ১/২ কাপ, ভিনেগার ১ টেবিল চামচ, লাল ফুড কালার পরিমাণমতো, ভ্যানিলা এ্যাসেন্স ১ চা চামচ, উইপিং ক্রিম ১/২ কাপ, ক্রিম চিজ ৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ।

প্রণালি :দুধে ১/২ টেবিল চামচ ভিনেগার দিয়ে মিক্স করে ৫ মিনিট রেখে দিন। এবার বাটিতে সাধারণ তাপমাত্রার ডিম নিয়ে বিট করুন; অল্প অল্প করে চিনি দিয়ে বিট করুন। এরপর তেল দিয়ে দিন। এবার শুকনো উপকরণগুলো চালনিতে চেলে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। সবশেষে ভিনেগার মিশিয়ে রাখা দুধ, রেড ফুড কালার, ভ্যানিলা এ্যাসেন্স এবং বাকি ১/২ টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। মাফিন মোল্ডে ব্যাটার ঢেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট বেক করুন। উইপিং ক্রিম, ক্রিম চিজ, চিনি একত্রে বিট করে পছন্দমতো সাজিয়ে নিন।