দুবাইয়ে রোড শো শুরু আজ

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করতে আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে আজ মঙ্গলবার থেকে চার দিনব্যাপী ‘রোড শো’ শুরু হচ্ছে। জানা গেছে, রোড শো চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিদেশে বিএসইসি কর্তৃক আয়োজিত প্রথম রোড শোর নাম দেওয়া হয়েছে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। চার দিনব্যাপী রোড শোর প্রথম দিন আজ সকালে প্রবাসীদের নিয়ে ইনভেস্টর সামিট : বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে। দুপুরে একই বিষয়ে সেমিনার হবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে। আগামীকাল বুধবার দ্য নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবেন। বৃহস্পতিবার সকালে স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এখানেও অংশ নেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। রোড শোর শেষ দিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক।