ইত্তেফাক রিপোর্ট
লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন আগামীকাল বুধবার শুরু হবে। নতুন কোম্পানির নিয়মানুযায়ী ‘এন’ ক্যাটাগরিভুক্ত হয়ে লেনদেন শুরু করবে। কোম্পানি কোড ‘TAUFIKA’ এবং ১৪২৯৬। এর আগে কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন জমা নেওয়া হয়। গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকায় অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ দশমিক ১৭ টাকা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।