ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত

সংস্কার হয়নি দুই যুগ ধরে

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি দুই যুগেও সংস্কার হয়নি। এই ভবনটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। ২০২০ সালের প্রথম দিকে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণার পর থেকেই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ধানসাগর ইউনিয়নে অবস্থিত এ বিদ্যালয়ে ৩০০-এর বেশি শিক্ষার্থীর নাম রয়েছে। ১৯৯৬ সালে নির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবনটি দুই যুগেও অর্থের অভাবে সংস্কার করা যায়নি। ফলে ভবনটি জরাজীর্ণ ও ভগ্নদশায় পরিণত হয়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। পিলার ভেঙে রড বের হয়ে তাতে মরিচা ধরেছে। মেঝে দেবে গেছে। দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শ্রেণিকক্ষে পলেস্তারা খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যে কারণে  শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে অনীহা প্রকাশ করে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সরকারি বরাদ্দ না পেলে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।