গ্রামগঞ্জে হেঁটে চলছেন মনিহারি বিক্রেতারা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

যাযাবর জীবন যেন মনিহারি ব্যবসায়ীদের। মনিহারি জিনিসপত্র নিয়ে আজ এখানে তো কাল ওখানে ছুটে বেড়াচ্ছেন তারা। ছুটে চলেছেন বিভিন্ন জেলার গ্রামগঞ্জে। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি ইউনিয়নের হরিণচোরা গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া (৫৫) ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের বারান্দায় আছেন গত ১০ দিন ধরে। তার সঙ্গে আছেন আশরাফুল (৩৭), জিয়ারুল (৩৫), ফারুক (২০), শরিফুলসহ অনেকেই। তিনি জানান, দুমুঠো খাবারের জন্য দেশের বিভিন্ন পথেপ্রান্তে সাইকেলে করে মনিহারি জিনিসপত্র বিক্রি করেন। দিনে ২০০-২৫০ টাকা, কোনো কোনো দিন ৪০০ টাকা বিক্রি হয়।