কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলার কুড়িখাই মাজার শরিফে ১২ আওলিয়ার অন্যতম হজরত শাহ্্ সামসুদ্দিন বোখারির (রহ) ওরস উপলক্ষ্যে ১০ দিনব্যাপী মেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। ফকিরি মেলা উপলক্ষ্যে এদিন সারা রাত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ফকির-দরবেশ ও পাগলের আগমন ঘটবে। দরবার শরিফ প্রঙ্গণে বসবে শত শত ফকিরি গানের কাফেলা। জনশ্রুতি আছে, ১২২৫ খ্রিষ্টাব্দে ১২ আওলিয়ার সঙ্গে হজরত শাহ্্ সামসুদ্দিন আওলিয়া (রহ) তিন জন সহচর শাহ্্ নাছির, শাহ্্ কবীর ও শাহ্্ কলন্দরকে সঙ্গে নিয়ে ইসলামধর্ম প্রচারের জন্য কটিয়াদী উপজেলার কুড়িখাইয়ে আস্তানা স্থাপন করেন। প্রতি বছর মাঘ মাসের শেষ মঙ্গলবার ওরস অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন নেছা ও সম্পাদক মঈনুজ্জামান অপু বলেন, ঐতিহাসিক কুড়িখাই মেলা উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া মাজারসংলগ্ন একটি বৃহত্ মসজিদের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।