পুলিশ হাসপাতাল আধুনিকায়ন প্রকল্প
বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ আধুনিকায়ন (১ম পর্যায়) প্রকল্পে নিয়োগপ্রাপ্ত অবশিষ্ট ১১০ জন কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান সমন্বয়কারী আ. খালেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ১৯৯৭ সালের পহেলা জুলাই শুরু হয়ে এ প্রকল্প ২০০৫ সালের ৩০ জুন সমাপ্ত হয়। প্রকল্প সমাপ্তির পর ১ জুলাই ২০০৫ সাল থেকে উন্নয়ন প্রকল্পের থোক বরাদ্দ খাত থেকে তারা সাকুল্যে বেতনভাতাদি পেয়ে আসছেন। ২০১১ সালে প্রধানমন্ত্রী এই প্রকল্পে কর্মরত ৩১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের সারসংক্ষেপে অনুমোদন দেন। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৭ সালে প্রকল্পে কর্মরত ৩১৪ জনের মধ্য থেকে ১৯১টি পদ জনবলসহ প্রকল্প সমাপ্তির পরদিন থেকে রাজস্ব খাতে স্থানান্তর করে। বাকি ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে পর্যায়ক্রমে তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। বাকি ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এরই মধ্যে কেউ কেউ মারা গেছেন এবং কিছু চাকরি ছেড়ে যাওয়ায় বর্তমানে ১১০ জন কর্মরত আছেন। —প্রেস বিজ্ঞপ্তি