বদলি মেসির ভেলকিতে বার্সার জয়

সিটির সামনে ধরাশায়ী লিভারপুল

 স্পোর্টস ডেস্ক

দুই বদলি খেলোয়াড় মেসি ও ত্রিনকাওয়ের নৈপূণ্যে রবিবার লা লিগায় রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। ওদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১-৪ গোলের এই পরাজয়ের সঙ্গে এরকম মাটিতেই মিশে গেছে অলরেডদের শিরোপা ধরে রাখার স্বপ্ন।

তিন দিন পর সেভিয়ার সঙ্গে কোপা দেল রের ম্যাচ। সে কথা চিন্তা করেই হয়তো মেসিকে শুরুর একাদশে রাখেননি ম্যানেজার রোনাল্ড কোম্যান। কিন্তু প্রথমার্ধে গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধেও যখন সমতায় ফিরতে পারছিল না দল, তখন আর মেসিকে না ডেকে পারলেন না। মেসিও তার উপযোগিতাটা বোঝালেন একদম সঙ্গে সঙ্গেই। ৫৭ মিনিটে বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে ম্যাচে ফেরালেন। এরপর ৬৮ মিনিটে মেসির শুরু করা এক আক্রমণ থেকেই আত্মঘাতী গোল করেন বেটিস ডিফেন্ডার ভিক্টর রুইজ। সাত মিনিটের মাঝে অবশ্য রুইজ সেই ভুলের প্রায়শ্চিত্য করেন। নাবিলের ফ্রিকিকে হেড করে দলকে আবার ম্যাচে ফেরান এই বর্ষীয়ান ডিফেন্ডার। কিন্তু ত্রিনকাওয়ের বদৌলতে শেষ হাসি হাসে বার্সাই। ৮৭ মিনিটে মেসির এক লম্বা পাশ বেটিসের এক ডিফেন্ডার ফিরিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল করেন বার্সার তরুণ উইঙ্গার ত্রিনকাও, যার ফলে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়েন মেসিরা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। দুই দলের পয়েন্ট সমান হলেও বার্সা এগিয়ে আছে গোল ব্যবধানে।

৫৮ বছর পর ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারল লিভারপুল। রবিবার গোলকিপার এলিসন বেকারের ভুলে দুবার গোল খোয়ানো লিভারপুল সিটির কাছে হেরেছে ৪-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন অসাধারণ ছন্দে থাকা মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ১৮ বছরে প্রথমবারের মতো অ্যানফিল্ডে জয়ের দেখা পাওয়া সিটির হয়ে বাকি দুটি গোল করেছেন রহিম স্তার্লিং ও ফিল ফোডেন। লজ্জার এই পরাজয়ে লিভারপুলের শিরোপা ধরে রাখার মিশনও যেন একরকম শেষ হয়ে গেল। শীর্ষে থাকা সিটির চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্টে পিছিয়ে আছে য়ুর্গেন ক্লপের দল। লিগে দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। টমাস টুখেলের অধীনে চেলসির টানা তৃতীয় জয় এটি।