গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় একটি নিটিং কারখানায় গতকাল সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভান। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ঐ এলাকার সিদ্দিক নিটওয়্যার লিমিটেড কারখানার শার্টের কলার তৈরির সেকশনে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন টিন শেডের তৈরি ঐ সেকশনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।