ইত্তেফাক রিপোর্ট
সাভারে পূর্বশত্রুতার জের ধরে থাই মিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—সিরাজগঞ্জ জেলার সদর থানার চক্কবদাস পাড়ার আহসান হাবিবের ছেলে আহাদ হোসেন, তার স্ত্রী বিথী আক্তার ও ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি পৌরসভার আড়াপাড়া ড্রেন মার্কেট এলাকায় পূর্বশত্রুতার জের ধরে থাই মিস্ত্রি মো. পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বকুল বেগম দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় চার-পাঁচ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে ঐ মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার দুপুরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।