স্কুল খুললে জামা-জুতার জন্য ১ হাজার টাকা পাবে শিশু শিক্ষার্থীরা -----প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতা কেনার অর্থ পাবে শিক্ষার্থীরা। ‘কিডস অ্যালাউন্স’ হিসেবে প্রত্যেক ছাত্রছাত্রীকে ১ হাজার টাকা করে দেওয়া হবে। গতকাল সোমবার মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ ১ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা দেওয়া সম্ভব হয়নি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

তিনি আরো বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। সোমবার আটটি উপজেলার ৮৬ হাজার ৫২ জনের গত তিন মাসের উপবৃত্তি দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি কর্মসূচি প্রাথমিক শিক্ষা বিস্তারে একটি মাইলফলক। শিশুরাই জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজের আগামীর সৈনিক। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন।