বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কম্পার্টমেন্টের বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে লাগা এ আগুন বিকাল ৫টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছে বন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় বনের পাঁচ শতক জমির বলাগাছ ও লতাগুল্ম। ভোলা নদী থেকে প্রায় ৫০০ মিটার সুন্দরবনের গহিনে এই আগুন নাশকতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আগুনের ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও লন চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ওবায়দুর রহমান। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ধানসাগর টহল ফাঁড়ির ওসি মো. বেল্লাল হোসেন বলেন, সোমবার দুপুর ১টার দিকে বনে আগুন লাগার খবর পান তারা। দু্পুরে লোকালয়ের লোকজন আগুনের ধোঁয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর বনকর্মীরা ও পরে শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ২০ সদস্যের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে বলে মোবাইল ফোনে জানান বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও আগামী ২৪ ঘণ্টা এই এলাকাকে নজরদারিতে রাখবে বন বিভাগ। এদিকে আগুন লাগা এলাকায় প্রায় ৮ শতক এলাকা ঘিরে মাটি কেটে লাইন অব ফায়ার তৈরি করা হয়েছে। যাতে গাছের শিকড় মরে তৈরি হওয়া মিথেন গ্যাস বনে ছড়িয়ে পড়তে না পারে।