চাঁদপুরের হাজীগঞ্জে আপন ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রির চেষ্টার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন তাদের বাবা। পরে অপহরণকারী ফাহাদ বিন ইহসান তারেককে আটক এবং তার ছোট ভাই অপহূত রায়হান এহসান রিহানকে উদ্ধার করেছে পুলিশ।
রিহানকে অপহরণের পর বাসায় একটি চিঠি লিখে যায় তারেক। সেই চিঠির সূত্র ধরেই হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তারেকের বাবা মো. আবু তাহের। পরে কৌশলে তারেককে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে হাজীগঞ্জে নিয়ে আসলে গোপনে হাজীগঞ্জ থানার এসআই মোশারফ তারেককে আটক করেন।
পুলিশের হাতে আটক তারেক বলেন, আমি আমার কিডনি বিক্রি করে ব্যবসা শুরু করেছি। তবুও আমার গর্ভধারিণী মা আমাকে ব্যবসার জন্য টাকা না দিয়ে আরেক জনকে আমার সামনে ২০ লাখ টাকা হাওলাত দেয় ব্যবসা করার জন্য। আমি স্ত্রী-সন্তান হারিয়ে আমার মায়ের জন্য আজ পথে পথে হাঁটছি। তারা আমাকে বাধ্য করেছে এমন ঘটনা ঘটাতে। আমি আমার ছোট ভাইকে অপহরণ করেছি শুধুমাত্র টাকার জন্য। কিডনি বিক্রয়ের কথাটি চিঠিতে লিখে মা-বাবাকে ভয় দেখিয়েছিলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ জানান, অপহূত শিশু রিহানও আমাদের জিম্মায় রয়েছে। মঙ্গলবার তারেককে আদালতে প্রেরণ করা হবে।